মহাখালীতে পুলিশের অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বনানী থানা পুলিশ জানায়, রবিবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে ভোর ৪টার দিকে মহাখালী টিবি গেট এলাকার অপর একটি বাসায় পৃথক অভিযান চালায় বনানী থানা পুলিশের আরেকটি দল। সেখানে চৌধুরী জাহিদ রহমানকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জাহিদের হেফাজত থেকে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—৭টি হাঁসুয়া, দুটি বড় হাঁসুয়া, তিনটি বিভিন্ন আকারের হাঁসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছেনি ও একটি কাটানিস।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।