সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, অভিযোগ আলমগীর কুমকুমের

অভিনেতা ডনকে গ্রেফতারের পর প্রয়াত নায়ক সালমান শাহর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।

বুধবার (১২ আগস্ট) ডনের জামিন শুনানিতে ঢাকার আদালতে এসে সাংবাদিকদের কাছে একটি স্ক্রিনশট দেখান আলমগীর কুমকুম।

তার দাবি, ‘মামুন’ নামে এক সালমান ভক্তের ফেসবুক লাইভের কমেন্টে ‘শাকিল কিবরিয়া’ নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়।

স্ক্রিনশটে লেখা রয়েছে, মামুন নীলা চৌধুরীকে বলো সালমান মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে (সালমান শাহর ভাই) হত্যা করবো।

আলমগীর কুমকুম বলেন, ‘এই হুমকির ঘটনায় তারা রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। কারণ, সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানায় দায়ের করা হয়েছে।’

এ সময় আদালতে উপস্থিত ছিলেন সালমানের ভক্ত মামুন। তিনি সাংবাদিকদের বলেন, ‘সালমান ভক্তদের নিয়ে মানববন্ধন করার আহ্বান জানাতে ফেসবুকে লাইভ করছিলাম। এ সময় লাইভের কমেন্টে ওই হত্যার হুমকি দেওয়া হয়। পরে স্ক্রিনশট নেওয়ার সময় কমেন্টটি মুছে ফেলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, আমরা সালমান ভক্তরা বলে আসছি, তাকে হত্যা করা হয়েছিল। ডনকে গ্রেফতারের পর কেন এমন হুমকি আসছে, সেটিও তদন্ত করে দেখা দরকার। মামলায় আরও যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এদিকে সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হাজতি আসামি ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে তার পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা ডনের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন।

জামিন আবেদনে বলা হয়, এজাহার ও গ্রেফতারি পরোয়ানায় ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই। কথিত ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তাই তাকে জামিন দেওয়া প্রয়োজন।

এর আগে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে তথ্য পাওয়ার পর ডনকে হেফাজতে নেয় সিআইডি। সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল বলে জানা গেছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। প্রথমদিকে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে এ নিয়ে হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে নানা আলোচনা রয়েছে।

সর্বশেষ ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

ডনের জামিন নামঞ্জুরের মধ্যেই সালমান শাহর পরিবারের সদস্যকে হত্যার হুমকির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। হুমকিদাতা ব্যক্তি কে এবং তার সঙ্গে সালমান শাহ হত্যা মামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন পরিবার ও সালমান ভক্তরা।