গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) সি-শিফটের সদস্যরা। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
বুধবার (১২ আগস্ট) দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযানের সময় যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ থেকে ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ আটক করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার চেষ্টা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।