রাজধানীর পল্টনের কালভার্ট রোডে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িচাপায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে আগারগাঁওয়ের পঙ্গু গাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন সাবেক এই সিআইডি প্রধানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালভার্ট রোড এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার এক রিকশাচালককে চাপা দেয়। পরে নিশ্চিত হওয়া যায় যে, গাড়িটি সিআইডির সাবেক প্রধান ছিবগাত উল্লাহর ব্যক্তিগত এবং ঘটনার সময় গাড়িটির স্টিয়ারিংয়ে ছিলেন তার ছেলে।
দুর্ঘটনার পরপরই আহত রিকশাচালককে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি শাখা সড়কে রিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়।
পল্টন থানার ওসি আরিফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। কিন্তু সেখানে গাড়ি ও ভাঙা রিকশা পাওয়া যায়। রিকশাচালক ও গাড়ির চালককে পাওয়া যায়নি। পরে গাড়ি ও ভাঙা রিকশাটি থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান, রিকশাচালককে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। আমরা খোঁজ নিচ্ছি। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।