চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ করতেন চাকরিচ্যুত সরকারি কর্মচারী!

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতেন চাকরিচ্যুত সরকারি কর্মচারী হাসিবুল হাসান ওরফে লিটন (৩০)। তিনি চারটি পরোয়ানাভুক্তসহ এক মামলায় সাজাপ্রাপ্ত আসামি।।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর মতিঝিল এলাকার বিটিসিএল কলোনির সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩। 

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, গ্রেফতার হাসিবুল হাসান ওরফে লিটন দীর্ঘদিন ধরে অন্যের নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া দলিলাদির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। এই ঘটনায় ভুক্তভোগীরা রাজধানীর বিভিন্ন থানায় লিটনের বিরুদ্ধে একাধিক মামলা করেন। 

র‌্যাব কর্মকর্তা জানান, ২০২৪ সালের ১৯ মার্চ লিটনকে গোপালগঞ্জের যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত এনআই এ্যাক্টের ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ২০ লাখ টাকা জরিমানা এবং ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।

পরে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে লিটন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পালিয়ে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবনযাপন করছিলেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলার নগরকান্দী থানার অনুরোধের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল অবস্থান শনাক্ত করে লিটনকে গ্রেফতার করে।