রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আক্তারুজ্জামান

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আরিফ রেজা এ তথ্য জানান।

গত ৫ অগাস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় রিমান্ড বিষয়ে শুনানি হয়নি। আসামিকে কারাগরে পাঠিয়ে সোমবার রিমান্ড বিষয়ে শুনানির দিন রাখা হয়। সোমবার আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড শেষে আখতারুজ্জামানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পরিদর্শক মাসুদুর রহমান। আক্তারুজ্জামানের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন বিষয়ে শুনানি হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, হত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।