১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার ডিএমপির

১৫ আগস্ট ঘিরে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের সবচেয়ে বড় এই ইউনিটটি বলছে, রাজধানীজুড়ে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম বাড়িয়েছে তারা। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থাও।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-(এডিসি-মিডিয়া) নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।

নিরাপত্তার অংশ হিসেবে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যদের অপারেশনাল কার্যক্রমে মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।

ডিএমপি জানায়, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ করবেন।

এছাড়া সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‍্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকাগুলোতে স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

ডিএমপি জানিয়েছে, নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে তদারক করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থাকবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে এই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।