কোস্ট গার্ডের অভিযানে ৫৪ লাখ টাকার পলিথিন জব্দ 

ঢাকার শোয়ারিঘাট ও পোস্তগোলা ব্রিজ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। 

তিনি জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে গোপন তথ্যে ঢাকার শোয়ারিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। তবে পলিথিনের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।  

অপরদিকে শুক্রবার (১৪ আগস্ট) সকালে পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এসময় প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। তবে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়। 

জব্দ করা পলিথিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।