শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে চারটি ফ্লাইটের যাত্রীদের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ, ওষুধ, সিগারেট, প্রসাধনী ও বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের সি-শিফটের কর্মকর্তাদের পৃথক অভিযানে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়। আটক পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

ট্রলির গোপন স্থানে ১৩৩ গ্রাম স্বর্ণ

গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি জানতে পারে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী অবৈধভাবে স্বর্ণ নিয়ে ঢাকায় আসছেন। তথ্য পাওয়ার পর সি-শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন।

ফ্লাইটটি দুপুর ১২টার দিকে অবতরণের পর ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় পারভেজ নামের ওই যাত্রীকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।

একপর্যায়ে তার ব্যবহৃত ট্রলির বিশেষভাবে তৈরি গোপন স্থানে কৌশলে লুকিয়ে রাখা ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। একইসঙ্গে তার লাগেজের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ।

এসব ওষুধ আমদানির পক্ষে প্রয়োজনীয় বৈধ অনুমতিপত্র ও প্রাসঙ্গিক দলিল দেখাতে পারেননি ওই যাত্রী। পরে স্বর্ণ ও ওষুধসহ সংশ্লিষ্ট পণ্য ডিএমের মাধ্যমে আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মিলল বিদেশি মদ

পৃথক আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আসা যাত্রী জনি মিয়ার ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

এ সময় তার কাছ থেকে ৬ লিটার গ্র্যান্টস ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এমিরেটসে সিগারেট ও শত শত সিরাম

একই দিনে এমিরেটসের একটি ফ্লাইটে আসা যাত্রী মিজানুর রহমানের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস পাকিস্তানি হোয়াইটিং সিরাম আটক করেন সি-শিফটের কর্মকর্তারা।

আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।

ইউএস-বাংলায় ৩০ কেজি নিষিদ্ধ ক্রিম

অপর এক অভিযানে ইউএস-বাংলার ফ্লাইটে আসা যাত্রী সোমা বেগমের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

এ সময় তার কাছ থেকে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়। এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

একদিনে ৪২ লাখ ৮৮ হাজার টাকার পণ্য আটক

সার্বিক অভিযানে সি-শিফটের কর্মকর্তারা ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করেন।

সব মিলিয়ে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

সিআইআইডি জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির সমন্বয়ে একই দিনে একাধিক ফ্লাইটে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।