ঝুট ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেফতার

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। 

এর আগে, গত ১৫ আগস্ট আসামিকে এই মামলায় গ্রফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক। 

ওই আবেদনে বলা হয়, আসামি আমিরুল আলম মিলনের বিরুদ্ধে ঘটনার বিষয়ে সরাসরি সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এমতাবস্থায় আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন। 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রুজিনা আক্তার একই বছরের ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

২০২৫ সালের ৬ মে রাজধানীর ইন্দিরা রোড এলাকায় তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মামলায় আমিরুল আলম মিলন ৬২ নং এজাহারনামীয় আসামি।