হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন

রাজধানীর কাফরুল থানা এলাকায় কাজীপাড়া ওভার ব্রিজের নিচে ২২৫ পুড়িয়া হেরোইন উদ্ধারের ঘটনার মামলায় আসামি মো. রব মিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুর রশিদ মোল্লা এ তথ্য জানান। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।  

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৪ নম্বর মোড়ে অবস্থান করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাজীপাড়া ওভার ব্রিজের নিচে রাস্তার ওপর আসামিরা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। রাত ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. রব মিয়া আটক করা হয়। এ সময় আসামির হেফাজত থেকে উদ্ধার করা ও জব্দ করা আলামত ২২৫ পুড়িয়া হেরোইন, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় পুলিশ কাফরুল থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. আবু জাহিদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। 

২০১৬ সালের ৩১ মার্চ কাফরুল থানার উপপরিদর্শক মো. বায়েজীদ মোস্তফা আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছরের ৩ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচারকালে আট জন সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।