ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে ভয়ভীতি, হুমকি, গুরুতর আঘাত ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেফতার আসামি ফারহান শাহরিয়ার ওরফে ইভানকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২২ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলামের আদালত এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিচালক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আতিকুজ্জামান।
তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান দুই মাস যাবৎ পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে নিয়মিত রোগী দেখেন।
গত ১৭ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সিএনজিতে উঠামাত্রই মামলার গ্রেফতারকৃত আসামি ফারহান এবং অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে আঘাত করে।
এর আগে বেশ কিছুদিন পূর্বে অপরিচিত মোবাইল নম্বর থেকে বাদীর ব্যবহৃত মোবাইলে কল করে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করা হয়। ওই মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সোর্সের তথ্যমতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ২১ আগস্ট ফারহানকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।