বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি কুশসহ একজন ভারতীয় নাগ‌রিক‌কে গ্রেফতার ক‌রে‌ছে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদফতর (ডিএন‌সি)। গ্রেফতারকৃ‌তের নাম— হু‌সেইন আব্দুল কা‌দের শেখ (৪৮)।  

শ‌নিবার (২২ আগস্ট) বিকালে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে তাকে গ্রেফতার করা হয়। 

ডিএন‌সির বিমানবন্দর কার্যাল‌য়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, একটি গোয়েন্দ সংস্থার তথ্যের ভিত্তিতে এক‌টি টিম বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। প‌রে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দর বিভিন্ন সংস্থার সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে কৌশলে লুকানো ৩ কেজি কুশ উদ্ধার করা হয়।  

এছাড়া ১টি ভারতীয় পাসপোর্ট, ১টি বোর্ডিং কার্ড, ১টি  স্মার্টফোন (ভিআই সিমসহ), ৪০০ ইউ এস ডলার, থাইল্যান্ডের মুদ্রা (বাথ) ১ হাজার ৫৫০, ভারতীয় মুদ্রা ৪০০ রুপি ও ইলেকশন ক‌মিশনে প‌রিচয়পত্র জব্দ করা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিএন‌সি জান‌তে পে‌রে‌ছে, বাংলাদেশে কয়েকজন ব্যাক্তির যোগসাজশে ভারতীয় নারগ‌রি‌কের থাকার বন্দোবস্ত ও মাদক চোরাকারবারীর কাজে সহযোগিতা করার কথা ছিল।  

গ্রেফতারকৃ‌তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হ‌য়ে‌ছে।   

এদি‌কে পৃথক অ‌ভিযা‌নে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ এবং দুটি ভারতীয় পাসপোর্ট এর ফটোকপি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।  

গত মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকালে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে কুশ ও দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপি রেখে দুই ভারতীয় নাগরিক পালিয়ে যান। 

শ‌নিবার (২২ আগস্ট) রাতে ডিএন‌সির বিমানবন্দর কার্যাল‌য়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন ত‌থ্যে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় ডিএন‌সির একটি‌ টিম। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের এক‌টি ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিক আকাশ দু‌বে (২৮) ও আকাশ পা‌ন্ডে (৩৪) ভারতীয় পাসপোর্টের ফটোকপিসহ দুটি ট্রাভেল ট্রলি রেখে পালিয়ে যান। প‌রে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দর বিভিন্ন সংস্থার সামনে ট্রাভেল ট্রলিগুলো তল্লাশি করে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। 

ডিএন‌সি জানায়, পলাতকরা ভার‌তের প‌শ্চিম বাংলার গোন্দালপাড়ার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের হয়েছে।