প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১ 

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া (ফেক) ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম। গ্রেফতারকৃত ব্যক্তির নাম— মো. কাকন রানা (৩৫)। 

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।  

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পরপরই তদন্তভার গ্রহণ করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তদন্তকালে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিমের একটি বিশেষ আভিযানিক দল রবিবার (২৩ আগস্ট) বিকালে  রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে কাকন রানাকে গ্রেফতার করে।  গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও ৭টি সিমকার্ড উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ডিভাইস পরীক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টসহ ৫০টিরও বেশি অ্যাকাউন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।  

উদ্ধারকৃত মোবাইল ডিভাইসসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।