রাজধানীর গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মো. সজীব (২৮), মো. হিমু (৩২), মো. তুষার (২৫), মো. জয় (২৫), মো. টুটুল (৩৩) ও মো. ইমরান (৩৪)।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
যুগ্ম পুলিশ কমিশনার জানান, যাত্রাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল জানতে পারে, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারে অবৈধ মাদকদ্রব্য ঢাকায় প্রবেশ করছে। এর ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ইউটার্ন সংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।
পরবর্তী সময়ে ঢাকা মেট্রো গ-৩১-৩৬৪৬ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়। তাদের দেহ ও গাড়ি তল্লাশি করে তাৎক্ষণিকভাবে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।
পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গ্রেফতারকৃত মো. সজীব ও মো. হিমুর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে আসামিদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার ও ছয়টি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।
পূর্ববর্তী অস্ত্র উদ্ধারের সঙ্গে যোগসূত্র
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. সজীবকে ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র ও মাদকের গডফাদার হিসেবে পরিচিত সজল ওরফে অটো সজলের ছোট ভাই হিসেবে শনাক্ত করা হয়েছে।
এর আগে গত ২ মার্চ অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একজন পরিদর্শককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা করা হয়।
মামলাটির তদন্তকালে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি থার্টি-টু বোর রিভলবার, একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায়, ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সজল ওরফে অটো সজল সরবরাহ করেছিল।
পরবর্তী সময়ে গত ১৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকা থেকে সজল ওরফে অটো সজলকে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার ভাড়া করা বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে দুটি তাওরাস ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের উপকরণ, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।









