রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছিনতাই করার সময় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন— রাজিব হোসেন রাজু (২০), মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. রনি ব্যাপারী (২৯) ও জিসান হোসেন (২০)।
ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইকালে পাঁচ জনকে হাতেনাতে গ্রেফতার করে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ ও থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। ছিনতাইসহ যেকোনও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।