অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে পর্নোগ্রাফি আইনে করা মামলায় রাফিদ শিকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার (৩১ আগস্ট) রাতে রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ভুক্তভোগীর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন রাফিদ। বিভিন্ন সময়ে যোগাযোগ ও কথাবার্তার একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে তিনি ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন বলে অভিযোগ রয়েছে।
পরে ওই ছবি ও ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো এবং মানসিকভাবে চাপ দেওয়ার পাশাপাশি টাকা দাবি করেন রাফিদ। টাকা না দিলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে র্যাবের ভাষ্য।
র্যাব আরও জানায়, ভুক্তভোগী তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলেও রাফিদ তার দাবি অব্যাহত রাখেন। বিষয়টি ভুক্তভোগী পরিবারের সদস্যদের জানান। একপর্যায়ে গত ১১ এপ্রিল রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে রাফিদ পুনরায় তাকে ভয়ভীতি ও হুমকি দেন এবং আগে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠান বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কেরানীগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১০-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান।
এর ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল রাফিদকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার রাফিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।