যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৬, ২৩:৪০ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২৩:৪০

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের ঘটনায় আলোচিত মূল হোতা ও পলাতক আসামি তৌসিফ হাসানকে (২২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওয়ারী থানাধীন র‍্যাংকিন স্ট্রিটে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএনসির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএনসি জানায়, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনায় অধিদফতরের অনুসন্ধানের সূত্র ধরে তৌসিফের বাসায় অভিযান চালানো হয়। ওই সময় বাসার ভেতরে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাবের সন্ধান পাওয়া যায়।

ল্যাব থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগৃহীত কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

তদন্তে জানা যায়, তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল রফত করেন। পরে দেশে ফিরে নিজের বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে কুশ চাষ শুরু করেন। বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তিনি। এ কাজে তার এক বান্ধবী সহযোগিতা করতেন বলে তদন্তে উঠে এসেছে।

একই সময়ে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২ পিস ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়। ডিএনসির অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট বান্ধবী ও তৌসিফের বাসার তত্ত্বাবধায়ককে গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। ওই মামলায় তৌসিফকে পলাতক আসামি করা হয়।

ডিএনসি জানায়, দীর্ঘদিন ধরে তৌসিফকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছিল। অবশেষে বুধবার তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের পর তাঁর ডোপ টেস্ট করা হলে পরীক্ষায় মেথামফিটামিন ও ক্যানাবিনয়েড—উভয় উপাদানের উপস্থিতি পাওয়া যায়।

অভিযানকালে তার কাছ থেকে মেথামফিটামিনযুক্ত ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তার মাদক সংশ্লিষ্টতার অন্যান্য দিক এবং মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান চলছে।

উদ্ধার করা ইয়াবা ও গাঁজা নিজের হেফাজতে রাখার অভিযোগে তৌসিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওয়ারী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পাশাপাশি আগের কুশ ল্যাবের মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, মাদকের উৎপাদন, চাষ, সরবরাহ ও আন্তর্জাতিক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
শ্রমিকদের সঙ্গে মিশে নাশকতার চেষ্টার অভিযোগে আ.লীগের ১১ নেতাকর্মী আটক
দিনে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, রাতে চারজন গ্রেফতার
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
সর্বশেষ খবর
আবাসিকে থাকা মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, পরিচালক গ্রেফতার
আবাসিকে থাকা মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, পরিচালক গ্রেফতার
সাংবাদিকদের হুমকি, জানানোর পর ইনকিলাব মঞ্চের জাবের বললেন ‘পারলে আমার সঙ্গে ঝামেলা করেন’
সাংবাদিকদের হুমকি, জানানোর পর ইনকিলাব মঞ্চের জাবের বললেন ‘পারলে আমার সঙ্গে ঝামেলা করেন’
হঠাৎ শিল্পাঞ্চলে অস্থিরতা: নেপথ্যে কী
হঠাৎ শিল্পাঞ্চলে অস্থিরতা: নেপথ্যে কী
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ