গৃহপরিচারিকা প্রীতি উরাংয়ের ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালত বুধবার (২ সেপ্টেম্বর) আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আগামী ৪ জানুয়ারী সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে।’
শুনানিকালে দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষের অ্যাডভোকেট চৈতন্য চন্দ্র হালদার, ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আসামিদের কাছে জানতে চান, ‘তারা দোষী না নির্দোষ?’
আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। পরে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, মৌলভীবাজার জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের ভেতরের বাসিন্দা প্রীতি উরাং। ঘটনার আগ থেকে প্রায় দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি ২০২৪ সকালে বাসার ড্রইং স্পেসের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাঁচের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় মেয়েটি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) এসএম মাহমুদ রেজা গত ৩১ মার্চ দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
এদিকে আশফাকুল হক ও তানিয়া খন্দকার চার মাসের মতো কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০২৪ সালের জুনে তারা কারামুক্ত হন।