দুই বছরের সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন মেলেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা করে দুই বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এরপর আপিলের শর্তে জামিন চান তিনি। তবে আদালত তা নামঞ্জুর করছেন। এ কারণে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করেন।

বিদিশা এরশাদের পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান হিরণ।

পরে বিদিশার আইনজীবী মো. মাহমুদুল কবির জানান, আমরা সাজার বিরুদ্ধে আপিল করেছি। আদালত আপিল গ্রহণ করেন। জামিন আবেদন করছিলাম। শুনানিতে বলেছি, বিদিশার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে। এছাড়া তিনি একজন নারী। নারী বিবেচনায় জামিন মঞ্জুর করা হোক। কিন্তু তার হাতজবাস কম থাকায় জামিন নামঞ্জুর হয়েছে।

বিদিশার আরেক আইনজীবী মনিরুজ্জামান সবুজ বলেন, ‘আমরা আপিলের শর্তে জামিন চেয়েছিলাম। তবে আদালত জামিন দেননি। আমরা উচ্চ আদালতে যাবো। সেখানে আমরা ন্যায়বিচার পাবো।’

গত ২০ মে বিদিশাকে এ মামলায় দুই বছরের সাজার পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম।

বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানা মূলে ২৫ অগাস্ট রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে বিদিশার পক্ষে তার আইনজীবী আপিলের শর্তে জামিন প্রার্থনা করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় ওই মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী।

মামলার অভিযোগে বলা হয়, মোশাররফ হোসেনের বারিধারায় একটি ফ্ল্যাট কেনার প্রয়োজন ছিল। লোক মারফত তথ্য পেয়ে বিদিশা ২০০১ সালের ১ জুলাই মোশাররফকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখান এবং বিক্রির প্রস্তাব দেন। পরে ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি হয়।

অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নেন এবং তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। বাদী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাওরান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন। পরে উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাটের রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।

মামলায় বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে বিদিশা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

বাদীর অভিযোগ, বিদিশা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেননি। বরং সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেন।

/এআই /আরকে/
সম্পর্কিত
হাদি হত্যা মামলা: সিআইডির প্রতিবেদন দাখিল ফের পেছালো
এক ‘ডিমে’ ৫ দিনের রিমান্ডে মিনহাজ
শাকিল হত্যা মামলায় আবারও রিমান্ডে এমপির ছেলে মিন্টু
সর্বশেষ খবর
কারখানায় কাজ করতে গিয়ে হারিয়েছিলেন আঙুল, তিনিই চতুর্থবার হলেন প্রেসিডেন্ট
কারখানায় কাজ করতে গিয়ে হারিয়েছিলেন আঙুল, তিনিই চতুর্থবার হলেন প্রেসিডেন্ট
লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক-রেলপথ অবরোধ
লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক-রেলপথ অবরোধ
চট্টগ্রামের বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত সিঙ্গাপুর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা
চট্টগ্রামের বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত সিঙ্গাপুর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা
কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫