চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন পেছানো হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণের জন্য নতুন করে ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী উপস্থিত না হওয়ায় প্রসিকিউশন সময় আবেদন করে।
এ সময় বিচারক আসামিপক্ষের আইনজীবীদের মতামত জানতে চাইলে তারা কোনও আপত্তি জানাননি।
পরে ট্রাইব্যুনাল চলতি মাসের ১৬ তারিখে সাক্ষ্যগ্রহণের নতুন দিন নির্ধারণ করেন।
এর আগে সকালে এ মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলমকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার অপর দুই আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট মামলায় ১২তম সাক্ষী হিসেবে শিক্ষার্থী রাতুল হাসান জবানবন্দি দেন। ছয়টি অভিযোগে তাদের বিরুদ্ধে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়।