শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে বুধবার রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করে। এসব স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি এবং আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।