রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লি শিংচিয়াং। তার বয়স আনুমানিক ৪০ বছর।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে হোটেলটির ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে থাকা আরও তিন চীনা নাগরিক তাকে পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খালিদ মনসুর জানান, নিহত চীনা নাগরিক গতরাতেই দেশে এসে ওই হোটেলে ওঠেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, রাতে ওই ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করেছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।