গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অবৈধ ও নকল সিগারেট উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। অভিযানে লাকি স্ট্রাইক, ডার্বি ও রয়্যালস ব্র্যান্ডের নকল সিগারেটের পাশাপাশি প্রক্রিয়াজাত তামাক এবং সিগারেট উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামাল জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১-এর সদস্যরা কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের সহযোগিতা করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, উদ্ধার করা সিগারেটের প্যাকেটে কোনও রাজস্ব স্ট্যাম্প বা ব্যান্ডরোল পাওয়া যায়নি। এ কারণে এসব সিগারেট অবৈধভাবে উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে কালিয়াকৈর উপজেলার পাঁচগাছী এলাকায় অবস্থিত শামস টোব্যাকোর বিরুদ্ধে ব্যান্ডরোলবিহীন বা নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বাজারজাতের অভিযোগের তথ্য পাওয়া যায়। তবে সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া নকল সিগারেট, প্রক্রিয়াজাত তামাক ও অ্যাসিটেট টোর সঙ্গে শামস টোব্যাকোর সরাসরি সম্পৃক্ততা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানে উদ্ধার করা পণ্যগুলোর উৎস, উৎপাদন ও সরবরাহ-শৃঙ্খল, কাঁচামাল সংগ্রহের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণও যাচাই করা হবে।
তদন্ত শেষে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ উৎপাদন, বাজারজাতকরণ কিংবা রাজস্ব ফাঁকির অভিযোগের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।