খুলনার লবণচোরা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ ডালিম খান, মো. রানা ও আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়ন। এসআরবি বলছে, গ্রেফতারদেরমধ্যে ডালিম খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজির রাজত্ব করছিলেন। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করার কথাও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
এসআরবির এই কর্মকর্তা বলেন, গ্রেফতার ডালিম খান দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে সন্ত্রাসী ও চাঁদাবাজির রাজত্ব করছিলেন। খুলনা মহানগরীর লবণচরা থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও সহিংসতাসহ বিভিন্ন অপরাধে মোট সাতটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনার লবণচরা থানায় অস্ত্র আইনে নতুন মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র-গুলিসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।