রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ৮টার মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সবশেষ সন্ধ্যা পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন পথচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে।’

এর কিছুক্ষণ আগে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শের-ই বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনও আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি।

বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মহিন উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়েছিল। তবে এতে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

এর আগে শুক্রবার বিকালে শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিন তলা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ওই সড়কে আমাদের চেকপোস্টের কার্যক্রম চলছিল। এর মধ্যেই ফ্লাইওভারের তিন তলার ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি জানান, নিচ থেকে দেখা যায়নি কারা ককটেল নিক্ষেপ করছে। তবে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

এ ছাড়াও ওইদিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওইদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।