মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার ১২ জনের মধ্যে পাঁচজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া পাঁচজন হলেন—শিহাব উদ্দিন (৩২), মারজুক আহমেদ (২৬), সাইফুর রহমান খান (৩২), রাম্মি মিয়া (২৯) ও কামিছুল ইসলাম (৩৬)।

সিটিটিসির ইন্সপেক্টর আখতার মোর্শেদ আসামিদের আদালতে হাজির করে শেরেবাংলা নগর থানার জিডির সূত্রে ৫৪ ধারায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই শফিকুল ইসলাম বলেন, জঙ্গি সন্দেহে গ্রেফতার ১২ জনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে পাঁচজনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। তিনি জানান, পাঁচজনের পক্ষে কোনও জামিন আবেদন করা হয়নি।

তদন্তে যা বলছে ডিবি

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিদের রিমান্ডে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কামিছুল ইসলাম ছাড়া অপর চারজন ‘দ্বীনি কমিউনিটি সিলেট বিভাগ’, ‘দ্বীনি কমিউনিটি ঢাকা জেলা’, ‘এসো জামায়াহ বদ্ধ হই’ ও ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে বিভিন্ন মিটআপ গ্রুপের অ্যাডমিন ও সদস্য।

ডিবির দাবি, তারা মোবাইল ফোনের মাধ্যমে এসব সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপ ব্যবহার করে একই মতাদর্শের সদস্য সংগ্রহ, ধর্মীয় উগ্রবাদ ছড়ানো এবং উগ্রবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেন। তাদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, একে অপরের সঙ্গে পরিচিতি ও বিশ্বস্ততা তৈরির পাশাপাশি দেশে প্রচলিত আইন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে ‘তাগুতি’ কার্যক্রম হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দাওয়াতি কার্যক্রম চালানোর উদ্দেশ্যে তারা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজের পর তালিমের অজুহাতে মসজিদে একত্রিত হয়েছিলেন।

গ্রেফতার ১২ জন

গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে থাকা অপর সাতজন হলেন—সাজ্জাদ হোসেন (২২), আফিফ আহমেদ (২০), মোহাইমিনুল হক (২৭), জাওজি চৌধুরী (১৯), শাহাদাত হোসেন (২৫), সাকিব আহমেদ (২৬) ও জুনায়েদ আহমেদ (২১)।