ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থে‌কে ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ; ত‌বে তা‌দের প‌রিচয় তাৎক্ষ‌ণিকভা‌বে জানা‌তে পা‌রে‌নি। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে এই ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করা হয়। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

ও‌সি ব‌লেন, আটক‌ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। মামলা প্রক্রিয়াধীন। 

অপর‌দি‌কে, ঘটনার পর থানা এলাকা থে‌কে একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।  

পু‌লিশ সূত্রে জানা গে‌ছে, সাত মসজিদ রোড থে‌কে শুরু করে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে এসে মিছিলটি শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।