কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী

সুজন কৈরী
১২ নভেম্বর ২০২৬, ২২:০০ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২২:০০

অপরাধের তুলনামূলক পরিসংখ্যানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হত্যাকাণ্ড কমেছে ২৮৭টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও কমেছে। তবে একই সময়ে ধর্ষণের মামলা বেড়েছে ১ হাজার ২৭১টি। এর মধ্যে গত ৭ থেকে ১০ নভেম্বর চার দিনে দেশের ৬০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৩২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে।

ফলে কাগজে-কলমে অপরাধের কিছু সূচকে উন্নতির চিত্র পাওয়া গেলেও বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরাধের সংখ্যা কমলেই কি পরিস্থিতির উন্নতি হয়, নাকি অপরাধের ধরন, বিস্তৃতি, পুনরাবৃত্তি, প্রতিরোধে রাষ্ট্রের সক্ষমতা এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধও এ মূল্যায়নের অংশ হওয়া উচিত; তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার চিত্র ভিন্ন বলে দাবি করেছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীও। তিনি বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে বলেন, ‘আমার নির্বাচনী এলাকা গাজীপুর-৪, কাপাসিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত চুরি, ডাকাতি, ছিনতাই, অগ্নিসংযোগ, কিশোরগ্যাংয়ের দৌড়াত্ব এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায়ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে; তখন আমার নির্বাচনি এলাকা থেকে মুহুর্মুহু মেসেজ আসতে থাকে; স্বরাষ্ট্রমন্ত্রী কি বাংলাদেশের রিপোর্ট দিচ্ছেন নাকি পৃথিবীর অন্য কোনও দেশের রিপোর্ট তিনি এখানে তুলে ধরেছেন?’

অপরাধ ও মানবাধিকার বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্ধারণে কোনও নির্দিষ্ট ‘ম্যাজিক সংখ্যা’ নেই। একটি ঘটনাও বড় নিরাপত্তাঝুঁকির সংকেত হতে পারে। আবার কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে অতিরঞ্জিত করে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াও ঠিক নয়। অপরাধের সংখ্যা ও ভয়াবহতার পাশাপাশি এর বিস্তৃতি, পুনরাবৃত্তি, বিচারহীনতা এবং জনজীবনে বাস্তব প্রভাব বিবেচনায় নিয়েই পরিস্থিতি মূল্যায়ন করা প্রয়োজন।

পরিসংখ্যানে সরকারের উন্নতির দাবি

গত ১০ নভেম্বর জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উদ্বেগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যৌক্তিক নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। একইভাবে গভীর রাতে কিংবা ভোরে চালক ও হেলপারবিহীন পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার প্রমাণ নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির কিছু সহযোগী তৎপরতা চালাচ্ছে। দেশের বাইরে থেকেও ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অবনতিকে আপেক্ষিক বিষয় হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু সাম্প্রতিক কয়েকটি ঘটনার হিসাব তুলে ধরলে হবে না, আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানও বিবেচনায় নিতে হবে।

পরদিন ১১ নভেম্বর সংসদে তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ২ হাজার ৯৩৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। চলতি বছরের একই সময়ে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫১টিতে। অর্থাৎ হত্যাকাণ্ড কমেছে ২৮৭টি। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১২৫টি কমেছে বলেও জানান তিনি। চুরি, ডাকাতি ও দস্যুতার ঘটনাও কমেছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে অপরাধের সব সূচকে একই চিত্র পাওয়া যাচ্ছে না। গত ১৫ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ৫ হাজার ৩৮১টি। আগের বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৪ হাজার ১১০টি। অর্থাৎ ধর্ষণের মামলা বেড়েছে ১ হাজার ২৭১টি। একই সময়ে খুন ও ডাকাতির মামলা কমলেও সাধারণ চুরি এবং সিঁধেল চুরির মামলা বেড়েছে।

এ অবস্থায় হত্যাকাণ্ডের সংখ্যা কমার তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, থানায় রেকর্ড হওয়া মামলা, প্রকৃত অপরাধের সংখ্যা এবং অপরাধের শিকার মানুষের অভিজ্ঞতা সবসময় এক নয়। অপরাধের শিকার হয়েও কতজন অভিযোগ করেননি, কতটি ঘটনায় মামলা হয়েছে এবং কতটি মামলা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে, সেসব তথ্যও পরিস্থিতি মূল্যায়নে জরুরি।

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিস্তৃতি

সরকার যখন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে পরিস্থিতির উন্নতির কথা বলছে, তখন সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১০ নভেম্বর চার দিনে দেশের ৬০টি স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। ৭ থেকে ৯ নভেম্বর ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১০ নভেম্বর আরও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের তথ্য জানানো হয়েছে। অথচ ১০ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাতটি ককটেল বিস্ফোরণের কথা উল্লেখ করে বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়।

ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, শুধু একটি এলাকা বা একটি ধরনের স্থাপনাকে কেন্দ্র করে এসব হামলা ঘটছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনার আশপাশ, ব্যস্ত সড়ক এবং যানবাহনকে লক্ষ্য করে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

৮ নভেম্বর ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলে পুলিশের ধারণা। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করার কথাও জানানো হয়।

বিশ্লেষকদের মতে, অপরাধের ধরন ও বিস্তৃতি শনাক্ত করার পাশাপাশি পুলিশের আগাম তথ্য সংগ্রহ এবং প্রতিরোধমূলক কার্যক্রম কতটা কার্যকর, সেটিও মূল্যায়ন করা প্রয়োজন।

অপরাধের সংখ্যা নয়, অন্তত পাঁচটি বিষয় বিবেচনা জরুরি

মানবাধিকারকর্মী ইজাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে কি না, তা সরকারের বক্তব্য দিয়ে নয়, বরং নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও বাস্তব পরিস্থিতি দিয়ে বিচার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত মাসভিত্তিক অপরাধের পরিসংখ্যান প্রকাশ করা এবং আগের মাস, আগের বছর ও একই সময়ের অপরাধের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা।’

তার মতে, অপরাধের সংখ্যা, ভয়াবহতা, বিস্তৃতি, পুনরাবৃত্তি, অপরাধীদের বিচারহীনতা এবং রাষ্ট্রের প্রতিরোধমূলক সক্ষমতার সমন্বিত বিশ্লেষণের ভিত্তিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা উচিত।

তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণ বা নাশকতার ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। একইভাবে বিচ্ছিন্ন ঘটনাকে অতিরঞ্জিত করে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াও সমীচীন নয়। সরকারের দায়িত্ব শুধু জনগণকে আশ্বস্ত করা নয়, বাস্তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা।

সংকট স্বীকার না করার রাজনৈতিক সংস্কৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার যেসব ঘটনা ঘটছে, সেগুলোর প্রেক্ষাপটে সরকারের বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা হিসেবেই দেখতে হবে।

তিনি বলেন, শুধু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নন, অতীতেও বিভিন্ন রাজনৈতিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সংকটের বিষয়টি স্বীকার করতে চাননি। বরং সবকিছু স্বাভাবিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে—এ ধরনের বক্তব্য দেওয়ার প্রবণতা দেখা গেছে। কারণ, আমাদের এখানে সংকট কিংবা ব্যবস্থাপনার দুর্বলতা স্বীকার করার সংস্কৃতি এখনও গড়ে ওঠেনি।

ড. তৌহিদুল হক বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও ভয়ের সৃষ্টি করেছে। মানুষ ঘর থেকে বের হওয়া, রাস্তায় চলাচল এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি নিয়ে আগের চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ছেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হামলার শিকার হচ্ছেন।

তার পর্যবেক্ষণ অনুযায়ী, গত কয়েক দিনে দেশের ২০টির বেশি জেলায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সব ঘটনাকে বিচ্ছিন্ন, স্বতন্ত্র কিংবা একক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

এই অপরাধ বিশ্লেষক বলেন, সরকারের পক্ষ থেকে বলা হতে পারে, কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, কিছু স্থাপনায় হামলা হয়েছে কিংবা কয়েকজন আহত বা নিহত হয়েছেন। কিন্তু সাধারণ নাগরিকরা পরিস্থিতিকে এভাবে দেখছেন না। তারা ঘটনার সংখ্যা কিংবা ভয়াবহতার পরিসংখ্যানের চেয়ে নিজেদের নিরাপত্তার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, একটি ঘটনাও মানুষের মধ্যে আতঙ্ক তৈরির জন্য যথেষ্ট। তাই কতটি ঘটনা ঘটেছে বা কতটা বড় ঘটনা ঘটেছে, শুধু সেই হিসাব দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করলে চলবে না। বরং কেন এসব ঘটনা ঘটছে, কীভাবে ঘটছে এবং কীভাবে তা প্রতিরোধ করা সম্ভব, সেদিকে গুরুত্ব দিতে হবে।

আতঙ্কের প্রভাব কতটা বাস্তব

আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়নে জনমনে নিরাপত্তাবোধের গুরুত্ব কতটা, তার একটি সাম্প্রতিক উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট চীনা শিক্ষার্থীর আগেভাগে দেশে ফেরার সিদ্ধান্ত।

ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ওই শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলের প্রাধ্যক্ষ জানিয়েছেন, আটজনের মধ্যে দুজন ইতোমধ্যে দেশে ফিরে গেছেন। বাকি ছয়জনেরও ফেরার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নভেম্বরের শেষ দিকে তাদের কোর্স ও পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি (অপরাধবিজ্ঞান) বিভাগের চেয়ারম্যান ড. মো. রেজাউল করিম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতোমধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কয়েকজন বিদেশি শিক্ষার্থীর দেশে ফিরে যাওয়ার খবর পাওয়া গেছে। এটি প্রমাণ করে, এ ধরনের ঘটনার প্রভাব শুধু ঘটনাস্থল কিংবা সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই কতটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বা কতটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, শুধু সেই সংখ্যা দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করা যথেষ্ট নয়। বরং এসব ঘটনায় কত মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কতজন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিক জীবনযাত্রা কতটা বাধাগ্রস্ত হচ্ছে, সেগুলো বিবেচনায় নিতে হবে।’

‘নিরাপত্তা নিশ্চিত না হলে পরিসংখ্যানে উন্নতি বলা যায় না’

মানবাধিকার কর্মী আবু আহমেদ ফয়জুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা শুধু কিছু অপরাধের সংখ্যা কমেছে কি না, সেই বিবেচনায় নির্ধারণ করা যায় না। অপরাধ প্রতিরোধ, অপরাধীদের আইনের আওতায় আনা, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তাহলে পরিসংখ্যানের কিছু সূচকে উন্নতি দিয়ে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করা যথার্থ হবে না।‘

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি নির্ধারণে সরকারের তুলনামূলক অপরাধের পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। একইভাবে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে ভিত্তি করে গোটা দেশের পরিস্থিতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে অপরাধের সংখ্যা কমার পাশাপাশি নতুন কোনও ধরনের সহিংসতার পুনরাবৃত্তি, নির্দিষ্ট স্থাপনায় হামলা, জনজীবনে আতঙ্ক এবং অপরাধ প্রতিরোধে দুর্বলতা দেখা দিলে সেসব বিষয়ও বিবেচনায় নিতে হবে।

ড. তৌহিদুল হক বলেন, এ ধরনের আর একটি ঘটনাও যাতে না ঘটে, সে লক্ষ্যে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতির বাস্তবতা স্বীকার করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তাহলেই নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. রেজাউল করিম সোহাগের মতে, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের মতো ঘটনাগুলো মূলত জনমনে আতঙ্ক সৃষ্টি এবং মানুষের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা ব্যাহত করার উদ্দেশ্যে ঘটানো হয়। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, নাকি অবনতি হয়েছে—শুধু এই বিতর্কে সীমাবদ্ধ না থেকে অপরাধের ধরন, ভয়াবহতা এবং জনজীবনে এর প্রভাবকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। একটি অপরাধ কতটা গুরুতর, এর বিস্তৃতি কতখানি এবং সেই অপরাধ সাধারণ মানুষের মধ্যে কতটা ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে, সেটিই পরিস্থিতি মূল্যায়নের অন্যতম প্রধান মাপকাঠি হওয়া উচিত।’

কোনও অপরাধ সংঘটিত হলে তার গুরুত্ব ও ব্যাপকতা মূল্যায়ন করা জরুরি বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘বিশেষ করে সেই অপরাধ যদি জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আরও বেড়ে যায়। তাদের প্রধান কাজ হওয়া উচিত সেই আতঙ্ক দূর করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি—এমন মন্তব্য করার চেয়ে মানুষের মধ্যে যে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে স্বীকার করে কার্যকর পদক্ষেপ নেওয়া বেশি গুরুত্বপূর্ণ।’

এই বিশ্লেষক বলেন, ‘এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সক্ষমতা বাড়াতে হবে। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিনিময় জোরদার করা, মাঠপর্যায়ে নজরদারি, তদারকি ও মনিটরিং বৃদ্ধি এবং সম্ভাব্য অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা শনাক্ত ও প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম প্রতিরোধমূলক কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতির বিতর্কের চেয়ে বেশি জরুরি হচ্ছে মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনা। সাধারণ মানুষ যেন নির্ভয়ে চলাচল করতে পারেন এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, সেটিই হওয়া উচিত সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য।’

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
‘লাল স্বর্ণ’ জাফরান ক্ষেত টানছে পর্যটকদের
‘লাল স্বর্ণ’ জাফরান ক্ষেত টানছে পর্যটকদের
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা