রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেল চালক ও তার আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন রাইড শেয়ারিং চালক মো. খালেদ সাইফুল্লাহ (৩৮) এবং অন্যজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে বনানী থানার আমতলী মোড় ট্রাফিক পুলিশ বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার এসআই মো. তারেক হাসান জানান, শুক্রবার রাত ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ‘আলোকি ওয়াও ফেস্ট’ অনুষ্ঠান শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মাইকেল। এ সময় তার মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে সহকর্মী ফারহানার মোবাইল ব্যবহার করে উবার অ্যাপের মাধ্যমে একটি মোটরসাইকেল ডেকে নেন।
পরে খালেদ সাইফুল্লাহর মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফেরার পথে বনানীর আমতলী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। কাকলী অভিমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে দিবাগত রাত ১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত খালেদ সাইফুল্লাহ নোয়াখালীর সোনাইমুড়ী থানার তরিক উল্লাহর ছেলে।
সিয়েরা লিওনের নাগরিক মাইকেল রাজধানীর মিরপুর-২ এর জনতা হাউজিং এলাকায় থাকতেন। তিনি কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করতেন।