নয়া পল্টনে গাড়ির ধাক্কায় যুবক নিহত

রাজধানীর নয়া পল্ট‌নে গা‌ড়ির ধাক্কায় এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। তার নাম মিজান হাওলাদার (২৪)। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে নয়া পল্টন গাজী শপিং কমপ্লেএক্সের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে। 

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার কবপুরকাঠি গ্রামের মফিজ হাওলাদারের ছেলে মিজান। 

পল্টন থানার এসআই মো. জাহিদ হাসান নিরব জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫ টার দিকে নয়া পল্টন গাজী শপিং কমপ্লেক্সের সামনে রাস্তায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পড়েছিল ভুক্তভোগী। 

পুলিশের ধারণা, ভোরে কোনও ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান মিজান হাওলাদার। ওই সময় বেপরোয়া গতিতে ট্রাক চলে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।   

পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সকাল পোনে ৭টায় পাঠানো হয়। 

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন নিহত যুবককে আশপাশের লোকজন কেউ চিনতে পারেনি। পরে সিআইডি ক্রাইম সিন ইউনিটকে সংবাদ দেওয়া হলে, তারা এসে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত  করেন। তিনি বলেন, ‘নিহতের আত্মীয় স্বজনদের সংবাদ দেওয়া হচ্ছে। বাকি কাজ চলমান রয়েছে।’