রাজধানীর আজিমপুরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬) মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
রবিবার (১৫ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
লালবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহরাব হোসেন সুমন মিয়া বাগেরহাটের কচুয়া উপজেলার ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা গত ১৩ নভেম্বর লালবাগ থানাধীন আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিছিলের আয়োজন এবং তাতে অংশগ্রহণ করেন। পরে ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।