রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে ছিল লাল কামিজ ও হলুদ সালোয়ার।
যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসাইন জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কাজলা সুফিয়া গার্মেন্টসের বিপরীত পাশে সড়ক দুর্ঘটনায় ওই নারী নিহত হন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত নারী ওই এলাকায় ঘোরাফেরা করতেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।