রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে রাকিবুল হাসানের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে শুনানি করেন। তবে শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেয় বলে জানিয়েছেন অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন।
গত বৃহস্পতিবার রাকিবুল হাসানের পাঁচদিন এবং সোমবার দুই দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।
ওসির অডিও ছড়িয়ে পড়লে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। এরপর কমিটির সদস্যরা তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে। পরে তার বিরুদ্ধে একই থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয় এবং রিমান্ডে পাঠানো হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের নামে একটি অডিও ভাইরাল হয়। সেই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাসহ নানা বিষয়ে রাকিবুল ইসলামকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করতে শোনা যায়।
ওসি রাকিবুলের নামে প্রচার করা ওই অডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’
ওই ব্যক্তি অডিওতে দাবি করেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।’
পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায়। যদিও ওসি রাকিবুলের নামে ছড়িয়ে পড়া অডিওটি তারই কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এ অডিও নিয়ে তুমুল সমালোচনা তৈরি হলে প্রথমে রাকিবুল ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে নেয় ডিএমপি।