বিমানবন্দরে লাগেজ নিয়ে বিড়ম্বনা, জামায়াতের ৪ এমপির লিখিত অভিযোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩৩৮ ফ্লাইটে লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য। যাত্রী হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে তারা বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী চার সংসদ সদস্য হলেন, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী ও খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।

লিখিত অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটে সৌদি আরবের মদিনা থেকে ঢাকায় অবতরণ করে বিজি৩৩৮ ফ্লাইটটি। তবে অবতরণের পর তিন ঘণ্টা পার হলেও বেশির ভাগ যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ বুঝে পাননি।

অভিযোগপত্রে আরও বলা হয়, ওই ফ্লাইটে অন্তত ৩৫ জন সংসদ সদস্যসহ বিপুলসংখ্যক যাত্রী ছিলেন। লাগেজ না পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এর যৌক্তিক কারণ জানানো কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখা যায়নি। ফলে যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।

বিষয়টি দ্রুত সমাধান করে যাত্রীদের লাগেজ বুঝিয়ে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগটি দেওয়া হয়।

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন অভিযোগপত্রের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায়?’

তিনি আরও লেখেন, ‘আজ সকাল ৮টা ৫৫ মিনিটে অবতরণ করা বিজি৩৩৮ ফ্লাইটের সাধারণ যাত্রীদের পক্ষ হতে যাত্রী হয়রানি, মালামাল যথাযথভাবে বুঝিয়ে না পাওয়া ও কর্তব্যে অবহেলার কারণে আমরা ৪ জন জাতীয় সংসদ সদস্য বিমান কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করলাম।’

এদিকে এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল কোনও কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।