৪ বছরের শিশুকে ‘অপহরণের চেষ্টা’, উদ্ধার হলো যেভাবে

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চকলেট দেওয়ার কথা বলে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। পরে আনসার সদস্যরা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের অষ্টম তলার সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশুটির নানা ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন।

আনসারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের অভিযোগ অনুযায়ী লিটন মিয়া নামের এক ব্যক্তি শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে অষ্টম তলার বাথরুমে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে শিশুটির মা হাসপাতালে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর আনসারের প্লাটুন কমান্ডার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি দল শিশুটির সন্ধানে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর ভোর সাড়ে ৪টার দিকে অষ্টম তলার একটি টয়লেট থেকে লিটন মিয়ার কাছ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

আনসার আরও জানিয়েছে, লিটন মিয়ার কাছ থেকে কিছু পরিমাণ গাঁজা ও দুটি মোবাইল ফোন পাওয়া গেছে।

লিটন মিয়া গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরের হোতাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।