রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহরণের শিকার দন্ত চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল।
বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) আনসার বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোড রাস্তার পাশে অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসচালক তাকে গাড়িতে তুলে নেয়। কিছুক্ষণ পরই মাইক্রোবাসে থাকা চক্রটি চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে।
অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তাকে হাত, চোখ, মুখ বাঁধা অবস্থায় জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি।
ওই সময় গোঙানির শব্দ শুনতে পেয়ে এলাকায় টহলরত আনসারের পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি দল দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে। পরে আনসার সদস্যরা চিকিৎসককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন।
বিপদের মুহূর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন মানবিকতা, বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ভুক্তভোগী চিকিৎসক তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেফতার







