শাহজালালে তিন অভিযানে মিললো যা কিছু

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৭৮১ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও তিন কার্টন সিগারেট জব্দ করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে বিমানবন্দর এলাকায় পৃথক তিনটি অভিযান চালায় এপিবিএন। শনিবার (৩ অক্টোবর) এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—তোফাজ্জল হোসেন (৩৭), জসিম উদ্দিন (৩৯), আরাফাত হোসাইন (২৮), আরিফ (৪২), মো. আলামিন গাজী (৩৭), রূপবান বেগম (৩৯) ও এম. এ. মতিন (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে।”