শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ একজন মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার নাম ইয়াং ডন সেউ (৪৩)। গতরাতে তাকে আটক করা হয়।
রবিবার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এনবিআর জানায়, মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট নম্বর-এমএইচ-০১৯৬-এ কুয়ালালামপুর হতে ঢাকায় আসেন ওই যাত্রী। ওই যাত্রীর কাছেই এই স্বর্ণ ছিল। এক কিলোগ্রাম ওজনের ৪টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টিসহ মোট ৯টি স্বর্ণবার ছিল তার কাছে। ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ তাকে আটক করেছে।
এনবিআর আরও জানায়, আটককৃত স্বর্ণের মোট ওজন ৪.৫ কিলোগ্রাম। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে বিমান হতে নামার পরে সন্দেহভাজন ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। যাত্রীরা বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর গ্রিন চ্যানেল-১ অতিক্রমকালে ওই যাত্রীকে আলাদা করে তল্লাশি করে স্বর্ণবারগুলো পাওয়া যায়।
এনবিআর আরও জানায়, স্বর্ণের বারগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকানো ছিল। এর বিশুদ্ধতার মান ২৪ ক্যারেট, যার মূল্য আনুমানিক আট কোটি টাকা।