চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সরকারি জমি দখল, ভাড়া পরিশোধ না করা এবং জাল-জালিয়াতির মাধ্যমে প্রায় ২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন— আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ এবং চট্টগ্রাম গণপূর্ত উপবিভাগ-২-এর সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুক। শাহ-আলম ফারুক বর্তমানে বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। এছাড়া আরও ছয়জনকে মামলায় আসামি করার অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আকতারুল ইসলাম জানান, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজেদের এবং অন্যদের আর্থিকভাবে লাভবান করার অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেন। এ সময় ভুয়া রেকর্ডপত্র তৈরি করে সেগুলোকে খাঁটি হিসেবে ব্যবহার করারও অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, এ প্রক্রিয়ার মাধ্যমে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি ভোগদখলে রাখা হয়। একই সঙ্গে নির্ধারিত ভাড়া পরিশোধ না করে সরকারের ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।