রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর শ্যামলী এলাকায় রুহুল আমিন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলামিন ওরফে বাবু ও রাসেল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম জানান, ভোররাত ৩টার দিকে শ্যামলী এলাকায় আলামিন, রাসেলসহ চার-পাঁচ জন রুহুল আমিনকে মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা টাকা নিয়ে যায় তারা।

আহত রুহুল আমিনকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। রবিবার (৪ অক্টোবর) সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের মা আসমা বেগম বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

নিহত রুহুল আমিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তিনি শ্যামলী এলাকায় ফুটপাতে ভাসমান অবস্থায় থাকতেন।/আইএ/এম/