যে কবুতর ছিল জীবিকা, সেই কবুতর ধরতে গিয়েই ৫ তলা ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মুগদার মান্ডা বড়পাড়া এলাকায় নিজ বাসার ছাদ থেকে কবুতর ধরতে গিয়ে নিচে পড়ে রোহিত (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মান্ডা বড়পাড়া এলাকার শেষ মাথায় পানির পাম্প সংলগ্ন নিজ ভবনের ছাদেই এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত রোহিত পেশায় একজন কবুতর ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম শহর আলী। তিনি পরিবারের সঙ্গেই ওই বাসায় বসবাস করতেন।

হাসপাতা‌লে নিহতের স্বজন রিয়াদ হোসেন জানান, রোহিত পেশায় কবুতর ব্যবসায়ী হওয়ায় সারাক্ষণ কবুতর নিয়েই ব্যস্ত থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় ৫ তলার ছাদে কবুতর ধরতে গিয়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। 

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়ে‌ছে।