হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ডের কার্যক্রমে বাধা নেই

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এর ফলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের কার্যক্রমের ওপর আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চেম্বার বিচারপতি বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দীপক কুমার পালিত হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটের শুনানি নিয়ে গত ১৩ অক্টোবর হাইকোর্ট মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আবেদন জানায়।

সেই আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের ১৩ অক্টোবরের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের কার্যক্রম অব্যাহত রাখতে আপাতত আর কোনও আইনগত বাধা থাকছে না।