সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

দেশজুড়ে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি আশা প্রকাশ করেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হবে।

পূজাকে কেন্দ্র করে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। দেবী দুর্গার মতো অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে।

মো. আলী হোসেন ফকির বলেন, আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদেরই। সব অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা আমাদের লক্ষ্য।

৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশের কার্যক্রমে বিঘ্নের কথা তুলে ধরে আইজিপি বলেন, ওই সময় পাঁচ থেকে সাত দিন পুলিশের কোনও কার্যক্রম ছিল না। তখন কারও নিরাপত্তা ছিল না, সবাই উদ্বিগ্ন ছিলেন। ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অঘটন ঘটেছে। সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সব অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সবার জীবনমান উন্নয়নে সক্ষম হবে পুলিশ।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তারা বলেন, পুলিশ সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করেছে। ফলে নিরাপদে পূজা উদযাপন করা যাচ্ছে।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।