‘তাহসিফ সৌরিকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করি’, বললেন তার বাবা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি আত্মহত্যা করে থাকতে পারেন কিনা, সাংবাদিকরা জানতে চাইলে তার বাবা বলেন, ‘না, আত্মহত্যার তো প্রশ্নই আসছে না। সে অত্যন্ত হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের একজন মানুষ। আর সে একজন কমিশনড অফিসার, অনেক কষ্ট করে তাকে এটা অর্জন করতে হয়েছে। সে বিভিন্ন কোর্স করা, তারপরে ফ্লাইংয়েও ভালো। এমন একজন অফিসার, এরকম কোনও ব্যাপার ছিল না।’

তিনি বাবা হিসেবে ছেলের সঙ্গে খুব ‘ফ্রেন্ডলি’ ছিলেন উল্লেখ করে বলেন, ‘আমার সঙ্গে অনেক কিছু সে শেয়ার করতো। আমাকে প্রায়ই বলতো—বাবা, আমি তো কোথাও কোন অ্যাফেয়ার্সে অ্যাড হতে পারি নাই। আমার জন্য মেয়ে তোমরা দেখবা।’

চাকরি হারানোর পর তা নিয়ে মন খারাপ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটাতো স্বাভাবিক। একটু খারাপ লাগতেই পারে। তবে সেজন্য কোনও সমস্যা ছিল না।’

তিনি বলেন, ‘হ্যাঁ, তাকে হত্যা করা হয়েছে। কেননা তাকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে, আরেক এলাকায়। এর মানে তো তাকে হত্যা করা হয়েছে বলে আমি সাসপেক্ট করি।’