হাতিরঝিলে লেকে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার করলেন আনসার সদস্য

রাজধানীর হাতিরঝিল লেকে ঝাঁপ দেওয়া এক নারীকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। রবিবার (১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ‘বাড্ডা বাহির আনসার ডিউটি’ পোস্টসংলগ্ন গ্রিন পার্ক লেকে এ ঘটনা ঘটে। আনসারের মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

সুমি আক্তার (৩৫) নামে ওই নারী পারিবারিক কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে লেকের পানিতে ঝাঁপ দেন। বিষয়টি দায়িত্বরত আনসার সদস্য মো. তাহিম মোল্লার নজরে এলে তিনি সেখানে ঘুরতে আসা দুই নারী দর্শনার্থীর সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

আনসারের মিডিয়া বিভাগ জানায়, উদ্ধারের পরও সুমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ সময় তিনি আবারও পানিতে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মো. মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাকে শান্ত করেন।

পরে সুমির দূরসম্পর্কের এক বোনের মাধ্যমে জানা যায়, স্বামী এক মাস ধরে তার খোঁজ না নেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

কর্তৃপক্ষের নির্দেশনায় রাতেই সুমি আক্তারকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।