‘একা পড়ে গিয়েছিলেন, এ সুযোগে দুষ্কৃতকারীদের হামলা’: মিরপুরে পুলিশ সদস্যকে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর করেছেন বিক্ষোভকারীরা। ওই পুলিশ সদস্যের নাম সাইমন। তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা চারদিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পরিস্থিতিতে পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে আশ্রয় নিতে শুরু করেন।

কেউ বাসায়, কেউ দোকানে ঢুকে নিজেদের রক্ষা করেন। তবে এক পুলিশ সদস্য আশ্রয় নিতে না পেরে বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মুখে পড়েন। পরে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ বলেন, ‘তিনি একা পড়েগিয়েছিলেন। এ সুযোগে কিছু দুস্কৃতকারী তার ওপর হামলা করে।’ 

সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।