বিলের ছাড় নিয়ে বিরোধ, মোহাম্মদপুরে সিটি হাসপাতালে ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসা বিলের ছাড় নিয়ে বিরোধের জেরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করার কথা জনিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে একদল যুবক হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। হাসপাতালের সামনের অংশ ও নিচতলার রিসেপশনে ভাঙচুর করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামে এক রোগী ঠোঁটে আঘাতের কারণে ওই হাসপাতালে চিকিৎসা নেন। তার বিল করা হয় ২ হাজার ৭৮০ টাকা। সেখান থেকে কিছু টাকা ছাড় দেওয়ার অনুরোধ করেন তার স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই রোগী চিকিৎসা নিয়ে চলে যাওয়ার পর সেখানে বেশ কয়েকজন যুবক জড়ো হয়ে হামলা চালায়।

সিটি হাসপাতাল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনী জানান, গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের ভেতর থেকে লোকজন এসে হামলা চালিয়েছে। ভাঙচুরের পাশাপাশি লুটপাটও করা হয়। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, এ ঘটনা থানায় অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে কয়েকজনকে আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।