তৌফিক হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি তাসলিমা আখতারের

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেছেন, তৌফিক শেখকে পিটিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

বুধবার (৪ নভেম্বর) মজুরি বোর্ডের প্রথম সভার দিনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশ থেকে জানুয়ারির মধ্যে ৩০ হাজার টাকা নতুন মজুরি এবং হামলা-মামলা বন্ধ ও গ্রেফতার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

তাসলিমা আখতার বলেন, আমাদের শ্রমিকরা বাংলাদেশের নাম সারা দুনিয়ায় পরিচিত করেছে। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৮০ ভাগের বেশি রফতানি আয় এই পোশাক শ্রমিকদের হাত দিয়ে আসছে।

তিনি বলেন, শ্রমিকদের ৩০ হাজার টাকার যে দাবি আন্দোলনে উঠেছে, আমরা তার সঙ্গে সংহতি জানাই। আমরা মনে করি, এই ৩০ হাজার টাকা কমই চাওয়া হয়েছে। একজন শ্রমিককে তার পরিবারের সদস্য নিয়ে যদি চলতে হয়, তিন বেলা খেতে হয়, মাথার ওপরে একটা ছাদ রাখতে হয়, তার সন্তানকে স্কুলে পাঠাতে হয়, তার ক্যালরির চাহিদা পূরণ করে সেইরকম খাদ্যের ব্যবস্থা করতে হয়, তার চিকিৎসা করতে হয় তাহলে ৩০ হাজার টাকা নয়, আরও অনেক বেশি টাকার প্রয়োজন।

তিনি আরও বলেন, শ্রমিকরা বর্তমান দেশের অবস্থা, আন্তর্জাতিক পরিস্থিতি সবকিছু বিচার করে ৩০ হাজার টাকার কথা বলেছেন। কেউ ৩৫ হাজার টাকা বলছেন, কেউ ৩৬ হাজার টাকা বলছেন। আমরা মনে করি, এই ৩০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত, ৩৬ হাজার টাকা পর্যন্ত যে দাবিগুলো উঠছে প্রত্যেকটা দাবি এই মজুরি বোর্ডকে বিবেচনা করতে হবে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনা করে নতুন মজুরি ঘোষণা করে জানুয়ারির মধ্যেই তা কার্যকর করতে হবে।