সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত মধ্য রাতে বিষয়টি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি ২০২৪সালের ২৬ আগস্ট দায়ের করা হয়।
এদিকে ডিবিসি নিউজের অন্য সাংবাদিক রাজিব ঘোষকে দীর্ঘ,সময় জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে ছেড়ে দেওয়া হয়েছে। মুচলেকা নিয়ে রাত ২টার দিকে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে হেফাজতে নেয় ডিবি। সেখানে তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়।
ওই সময় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মো. আকতার হোসেন জানিয়েছিলেন, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডিবি বিষয়টি জানতে পারে এবং ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।